বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০৯:৫৪ পিএম
ঠাকুরগাঁওয়ে আরিফা খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার স্বামী মো. সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও বিচারিক আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের পাকা রাস্তা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
নিহত আরিফার চাচা মো. আব্দুল জব্বার বাদী হয়ে রুহিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ আরিফা খাতুনের বয়স ২২ বছর। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের মো. সাদেকুল ইসলামের মেয়ে। আসামি সাদ্দাম হোসেনের বয়স ২৪ বছর। তিনি রুহিয়া থানার দক্ষিণ রাজাগাঁও (ফরিদপুর যুগিপুকুর) গ্রামের মো. সফিকুল ইসলামের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে বলা হয়, প্রায় তিন বছর আগে সাদ্দাম হোসেনের সঙ্গে আরিফা খাতুনের বিয়ে হয়। সন্তান না হওয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহ ও মনোমালিন্য চলছিল। এ ছাড়া যৌতুকের দাবিসহ নানা বিষয়ে আরিফাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, মঙ্গলবার দুপুর তিনটার দিকে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আরিফা খাতুন। ঘটনার পর বিবাদীরা বিষয়টি কাউকে না জানিয়ে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফাকে মৃত ঘোষণা করেন। এরপর সাদ্দাম ও তার সঙ্গীরা আত্মগোপনের চেষ্টা করেন বলে পুলিশ জানায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও মূল রহস্য উদঘাটনের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছিল। শুনানি শেষে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
আরটিভি/এসএস