বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৬:৪০ এএম
বুকের ভেতর বাবার মৃত্যুর গভীর শোক, আর ঘরে পড়ে আছে প্রিয়জনের নিথর দেহ। এমন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্যেও জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন আয়েশা সিদ্দিকা মৌ।
বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার জীববিজ্ঞান (বায়োলজি) বিষয়ে পরীক্ষা দিতে কেন্দ্রে উপস্থিত হন তিনি। আয়েশা নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি নজিপুর মহিলা কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আয়েশার বাবা মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। তবে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা বিবেচনা করে পরিবারের সদস্যরা আয়েশাকে পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ দেন এবং মানসিক সাহস জোগান।
মরহুম মিজানুর রহমান পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি ধামইরহাট উপজেলার গাংরা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
পরিবার সূত্রে আরও জানা গেছে, বুধবার সকালে তার পৈতৃক ভিটা মঙ্গলবাড়ি গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বজন হারানোর এমন গভীর শোক বুকে চেপে রেখেও পরীক্ষা কেন্দ্রে আয়েশার উপস্থিতির বিষয়টি স্থানীয় বাসিন্দাদের গভীরভাবে স্পর্শ করেছে।
শোকের মধ্যেও তার মানসিক দৃঢ়তা, ধৈর্য এবং শিক্ষার প্রতি একাগ্রতা এলাকায় প্রশংসিত হচ্ছে। শিক্ষক ও স্থানীয় বিশিষ্টজনেরা আয়েশার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
আরটিভি/টিআর