images

দেশজুড়ে

নদীর বুকে আশ্রয় খুঁজেও শেষ রক্ষা হলো না হাসিবের

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০২:৫৪ পিএম

যশোরে ছিনতাই করতে গিয়ে স্থানীয়দের ধাওয়ার মুখে ভৈরব নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি এক যুবকের। পরে তাকে নদী থেকে তুলে ধারালো চাকুসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে শহরের দড়াটানা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হাসিব বেজপাড়া তালতলা এলাকার ইলিয়াসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিব ও তার এক সহযোগী শহরের দড়াটানা মোড়সংলগ্ন ভৈরব পার্কের পাশে এক মাঠা ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা দুজনকে ধাওয়া করেন। 

একপর্যায়ে হাসিব ভৈরব নদীতে ঝাঁপ দেন। এ সময় স্থানীয় যুবকদের তৎপরতায় নদী থেকে তাকে আটক করা সম্ভব হয়। পরে তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন
Web-Image5

বস্তার ফাটা অংশে বেরিয়ে ছিল হাত, খুলতেই শিউরে ওঠার মতো দৃশ্য

প্রত্যক্ষদর্শী তানভীর ইসলাম বলেন, পালানোর জন্য ওই যুবক চাকুসহ ভৈরব নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই। তবে তার সহযোগী পালিয়ে যায়।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই আবু বক্কার বলেন, দড়াটানা ভৈরব পার্কের পাশে নোয়াখালীর এক মাঠা বিক্রেতার গলায় চাকু ঠেকিয়ে  দুই যুবক টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিল। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করে। 

তিনি আরও বলেন, হাসিব নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চাকুসহ হেফাজতে নেয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন গণমাধ্যমকে বলেন, আটক হাসিব এখন থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/আইএম