images

দেশজুড়ে

১১ চোরাই গরু ও পিকআপসহ ৩ চোর গ্রেপ্তার

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৩:৪৬ পিএম

বাগেরহাটে চোরাই ১১টি গরু ও গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা গরুচোর দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসির রিকাবদার এ তথ্য জানান।

তিনি বলেন, ফকিরহাট থানায় করা একটি মামলার তদন্তে আসামির দেওয়া তথ্য বিশ্লেষণ করে অভিযান চালিয়ে বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফকিরহাটের শিউলি ফিলিং স্টেশন থেকে গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। পরে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে চোরাই ১১টি গরু উদ্ধার এবং আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কের সরকারি গাছ দেদারসে নিধন! 

গ্রেপ্তাররা হলেন- ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকার ইয়ারান শেখ (৪০), রামপাল উপজেলার সোলাকড়া গ্রামের নাহিদ শেখ (২৭) এবং খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামের আরিফ মোল্লা (৩৮)।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধার করা ১১টি গরুর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। জব্দ করা হয়েছে গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও।

তিনি আরও জানান, চোরাই গরু পাচার ও আন্তঃজেলা ডাকাত চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত মালামাল আদালতে সোপর্দ করা হবে।

আরটিভি/এমএইচজে