images

দেশজুড়ে

ছেলের পাঠানো ওষুধ আনতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ০৮:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের পাঠানো ওষুধ নিতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গাজী মিয়া (৬৫) বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গাজী মিয়ার ছেলে নোয়াখালী জেলায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি ছুটিতে বাড়ি ফেরা সহকর্মী কনস্টেবল মেহেদি হাসানের মাধ্যমে বাবার জন্য প্রয়োজনীয় কিছু ওষুধ পাঠান। মেহেদি হাসান আখাউড়া রেলওয়ে জংশনে এসে সেই ওষুধ গাজী মিয়ার হাতে তুলে দেন।

আরও পড়ুন
Web-Image27

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

ওষুধ নেওয়ার পর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই গাজী মিয়ার মৃত্যু হয়।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, গাজী মিয়া তার ছেলের পাঠানো ওষুধ নিতে আখাউড়া রেলওয়ে জংশনে এসেছিলেন। ওষুধ নেওয়ার পর রেললাইন পার হওয়ার সময় সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

আরটিভি/আইএম