শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ১০:৩৪ এএম
বরিশালে বিষধর সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কনিকা রানী (৪০) ওই গ্রামের দিনমজুর দীপক ব্যাপারীর স্ত্রী।
নিহতের স্বামী জানান, দুপুরে খাবার খেয়ে দুজন একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর স্ত্রীর চিৎকারে তার ঘুম ভাঙে। তখন কনিকা রানী জানান, তাকে সাপে কামড়েছে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তার মৃত্যু হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের বলেন, হাসপাতালে আনার পর কনিকা রানী চোখে ঝাপসা দেখছিলেন এবং চোখের পাতা খুলতে পারছিলেন না। ক্ষতস্থান পরীক্ষা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, তার শরীরে রক্ত জমাট বাঁধার লক্ষণ রয়েছে। এরপর প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। তবে অ্যান্টিভেনমের অর্ধেক ডোজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, পরীক্ষার ফলাফল ও উপসর্গ বিবেচনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কনিকা রানীকে বিষধর গোখরা সাপ কামড়িয়েছিল।
স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান নাসির বলেন, কনিকা রানী অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য ছিলেন। তার স্বামী দীপক ব্যাপারী পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাদের সংসারে ১০ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
আরটিভি/আইএম