শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ০৫:২৪ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়।
নিহত পিয়ার আলী গাজী কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মাছ ধরতে কালিন্দী নদীতে যান পিয়ার আলী। পরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও অনুসন্ধানে যোগ দেন। তবে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নদীর সম্ভাব্য এলাকাগুলোয় ব্যাপক তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, ডুবুরি দল এবং স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। পরে রাত ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় অন্য এক জেলে মরদেহ ভাসতে দেখে পিয়ার আলীর ছেলে আব্দুস সবুরকে জানালে স্বজনরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে এটি নিখোঁজ পিয়ার আলী গাজীর মরদেহ বলে নিশ্চিত করেন তারা।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে