মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ১১:৩৫ এএম
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৩ আগস্ট) রাতে হাসপাতালের পশ্চিম পাশের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বলেন, গ্যারেজে রাখা অ্যাম্বুলেন্সটিতে আগুন জ্বলছিল। এর পাশেই বিভিন্ন আকারের একাধিক অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত ছিল। সিলিন্ডারের কারণে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং আগুনের তীব্রতা ও ধোঁয়ার ধরনও ভিন্ন ছিল।
তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় পানি ব্যবহার না করে বিশেষ ফোম ব্যবহার করা হয়। এতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, আগুনে একটি অ্যাম্বুলেন্স এর ভেতরে থাকা কিছু ব্যাটারি, কয়েকটি অক্সিজেন সিলিন্ডার এবং গ্যারেজ ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা গণমাধ্যমের ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
আরটিভি/টিআর