images

দেশজুড়ে

জেলের জালে দেড় মণ ওজনের তবল মাছ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৩:১৫ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে প্রায় দেড় মণ (৫৪ কেজি) ওজনের একটি বিশাল তবল মাছ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাছটি ধরা পড়ার পর মহিপুর মৎস্য বন্দরে আনা হলে সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। 

জেলে সূত্রে জানা গেছে, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরে আঁখি ফিশ ও তহুরা ফিশ প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী রুবেল ঘরামী মাছটি প্রায় ৩৬ হাজার টাকায় কিনে নেন। এতে প্রতি কেজির দাম দাঁড়ায় প্রায় ৬৬৬ টাকা।

স্থানীয়ভাবে তবল মাছ ট্রেভ্যালি নামে পরিচিত। কুয়াকাটা অঞ্চলে এটি তবলি, বগা বা খাঁদিয়া নামেও পরিচিত। সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং তুলনামূলক কম কাঁটাযুক্ত হওয়ায় বাজারে এ মাছের চাহিদা বেশ ভালো।

মৎস্যজীবীরা জানান, বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এ প্রজাতির মাছ পাওয়া গেলেও এত বড় আকারের তবল মাছ সচরাচর ধরা পড়ে না। তাই মাছটি বন্দরে আনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল মাছ ক্যারাঙ্গিডি পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ। বড় আকারের এ ধরনের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।

আরও পড়ুন
Web-Image14

এবার সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াতকর্মী

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ক্যারাঙ্গিডি পরিবারের এই মূল্যবান সামুদ্রিক মাছ আকারে বড় হয় এবং এর উল্লেখযোগ্য অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। ভবিষ্যতে এ ধরনের মাছ আরও বেশি ধরা পড়লে জেলেরা আর্থিকভাবে আরও লাভবান হবেন।

আরটিভি/এসকে