images

দেশজুড়ে

পাওনা টাকা নিতে ব্যবসায়ীকে বাড়িতে ডাকেন দোলনা, অতঃপর...

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ০৬:০১ পিএম

নাটোরের বড়াইগ্রামে এক টাইলস ব্যবসায়ীকে বাড়িতে ডেকে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ, মারধর, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং চাঁদা দাবির অভিযোগে মিনারুল ইসলাম জনি (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মিনারুল ইসলাম জনি উপজেলার মাঝগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বাদী ও ভুক্তভোগী ব্যবসায়ী হাসান আলী (২৮) উপজেলার হারোয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি বনপাড়া বাজারে টাইলস ও স্যানিটারি সামগ্রীর ব্যবসা করেন।

জানা গেছে, প্রায় চার মাস আগে মাঝগ্রাম বউবাজার এলাকার দোলনা খাতুন (৪০) হাসান আলীর দোকান থেকে ১৯ হাজার টাকার টাইলস বাকিতে নেন। পাওনা টাকা পরিশোধ না করায় গত ১৯ জুলাই হাসান পুনরায় টাকা চাইলে দোলনা তাকে বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসতে বলেন। সোমবার সকাল ১০টার দিকে হাসান দোলনার বাড়িতে গেলে তাকে একটি ঘরে বসানো হয়। পরে মিনারুল ইসলাম জনিসহ কয়েকজন যুবক সেখানে গিয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে দোলনা খাতুনের সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়।

পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় তার মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে নেওয়া হয়। পরে বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৬ হাজার ৯৯০ টাকা এবং ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে আরও ২৭ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে চাঁদা দাবি

এ ছাড়া দোকানের কর্মচারীর সঙ্গে মোবাইলে কথা বলিয়ে দিয়ে আরও ৬০ হাজার টাকার টাইলস নেওয়া এবং একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করা হয়েছে। এজাহারে বলা হয়, প্রায় ১১ ঘণ্টা আটকে রাখার পর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরদিন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও টাকা দাবি করা হলে হাসান আলী দোলনা খাতুনের বাড়িতে গিয়ে ৯০ হাজার টাকা দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে মোটরসাইকেল ফেরত চাইলে আরও টাকা দাবি করা হয়। রোববার রাতে অবশিষ্ট টাকা নিতে মিনারুল ইসলাম জনি ওই ব্যবসাপ্রতিষ্ঠানে গেলে হাসান আলী কৌশলে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় হাসান আলী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলার এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরটিভি/এমএইচজে