images

দেশজুড়ে

রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় মাংস বিক্রি

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০১:৫৮ পিএম

কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় সারাদেশের মতো বরিশালেও বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। এসব কুকুরের জ্বালায় রীতিমতো অতিষ্ঠ মানুষ। অভিযোগ উঠেছে, মানুষকে কামড়ানোর পাশাপাশি কুকুরগুলো এখন মাংসের দোকানগুলোতেও হানা দিচ্ছে। বিশেষ করে দোকান বন্ধ থাকার সুযোগে রাতে ও ভোরে মাংস কাটার কাঠের গুঁড়ি (খাট্টা) ও দোকানের আশপাশে তারা শুয়ে-বসে থাকছে ও নোংরা করছে। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ক্রেতারা।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় মুলাদী পৌর সুপার মার্কেটের কাঁচাবাজারের মাংসপট্টিতে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বাজার বন্ধের সময়ে মাংস বিক্রির স্থানে একাধিক বেওয়ারিশ কুকুর খাটিয়া ও মেঝের ওপর স্বাচ্ছন্দ্যে ঘুমাচ্ছে। এতে বাজারের সামগ্রিক পরিচ্ছন্নতা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে সচেতন মহল।
 
স্থানীয় বাসিন্দা ও ক্রেতাদের অভিযোগ, প্রতিদিন যে কাঠের গুঁড়ির ওপর খাসি বা গরুর মাংস কাটা হয়, রাতে দোকান বন্ধ হওয়ার পর সেগুলোর ওপরেই কুকুর উঠে বসে থাকে বা ঘুমায়। অনেক সময় গুঁড়িতে লেগে থাকা রক্ত ও মাংসের অংশও চাটাচাটি করে তারা। অথচ সকালে যথাযথভাবে পরিষ্কার না করেই সেখানে আবার মাংস কেটে বিক্রি করা হয়।

আরও পড়ুন
hgr

মরদেহ নিতে গিয়ে দুই পক্ষের হাতাহাতি, ঘটনা কী

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, প্রথম শ্রেণির মুলাদী পৌরসভার গুরুত্বপূর্ণ একটি বাজারে স্বাস্থ্যবিধির এমন অবস্থা কোনোভাবেই কাম্য নয়। মাংসের দোকানগুলোতে কুকুর প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং নিয়মিত বাজার তদারকি করা জরুরি।

এ ব্যাপারে কথা হয় মুলাদী বন্দরের ব্যবসায়ী আবুল কালাম খানের সঙ্গে। তিনি বলেন, বিকেল ও সন্ধ্যার পর মাংসের দোকানগুলোতে কুকুর ঢুকে নোংরা করে। অনেক সময় ব্যবসায়ীরা ভালোভাবে পরিষ্কার না করেই সেখানে মাংস বিক্রি করেন। সাধারণ মানুষ না জেনে এসব মাংস কিনে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। ব্যবসায়ীদের আরও সচেতন হতে হবে। 

সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, মাংসের দোকানের চারপাশে নেট বা নিরাপত্তাব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি প্রশাসনের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে পরিস্থিতির উন্নতি হবে। মানুষও স্বস্তিতে কেনাকাটা করতে পারবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. গোলাম সরওয়ার গণমাধ্যমকে বলেন, মাংস ব্যবসায়ীদের নিয়ে সভা করে বিষয়টি নিয়ে সতর্ক করা হবে। এরপরও যদি তারা নিয়ম না মানেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম