images

দেশজুড়ে

অস্ত্রসহ আশিক বাহিনীর সদস্য ধরা

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৬:১০ পিএম

খুলনায় অস্ত্রসহ শিবলী হোসেন রুবেল (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (৫ আগস্ট) রাতে নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।

গ্রেপ্তার শিবলী রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মজিবর আকনের ছেলে। তিনি শীর্ষ সন্ত্রাসী আশিক ও পলাশ গ্রুপের সদস্য বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, ৪ আগস্ট ভোর পৌনে ৪টার দিকে নগরীর দোলখোলা মোতলেবের মোড় এলাকায় আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় তদন্ত শুরু হয়। ওই ঘটনার সূত্র ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শিবলী হোসেন রুবেলকে শনাক্ত করা হয়। পরে নিরালা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
Web-Image13

ঘরের আড়ায় ঝুলছিল গৃহবধূর মরদেহ

অভিযানের সময় তার শোবার ঘর থেকে একটি শপিং ব্যাগে মোড়ানো বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার আহাদুজ্জামান মিয়া বলেন, প্রাথমিক তথ্যে শিবলী শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যারা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। 

আরটিভি/আইএম