শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৯:১৯ এএম
নরসিংদীতে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে প্রকাশ্যে সুমন মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে এ হত্যার ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া একই গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, সন্ধ্যায় সুমন মিয়া বাখরনগর বাজারে যান। এ সময় ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হত্যার ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্বজনদের। তবে তারা অভিযুক্ত কারও নাম-ঠিকানা জানাতে পারেননি।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়নে স্থানীয় দুই গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ নিয়ে সামাজিকভাবে মীমাংসাও হয়। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান জানান, নিজেদের মধ্যে স্থানীয় বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জেনে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
আরটিভি/এমএম