শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ , ০৯:৫৯ পিএম
সিরাজগঞ্জের তাড়াশে মো. মিলন মিয়া (৩২) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছেন তাড়াশ থানা পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে বেড়খালী এলাকায় খালের কচুরিপানার ভেতর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. মিলন মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমার বাড়ি জাঙ্গালিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে খালের মধ্যে কচুরিপানায় মরদেহটি ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এদিকে ভোর থেকে মরদেহ ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পরলে তা মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়। যা পরিবারের লোকজন জানতে পেরে ঘটনাস্থলে এসে মিলনের মরদেহটি শনাক্ত করেন।
মিলনের পরনে ছিল টি-শার্ট ও ফুল প্যান্ট। তার শরীর পচে দুর্গন্ধ বের হচ্ছিল। মিলন মিয়া ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। তিনি গত ২ আগস্ট বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা বেলতলা এলাকায় রওনা হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: শাহ আলম জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তার পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেছেন। আর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরটিভি/ এসকেডি