images

অর্থনীতি

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১৫ এএম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের পর মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে সোনা বিক্রি হচ্ছে নতুন দামে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিপ্রতি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায়। 

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১০ দফা কমানো হয়েছে। আর গত ২০২৫ সালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার যেখানে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে। 

এদিকে, সোনার দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকায়।

আরও পড়ুন
Web-Image---Copy_20250901_083053153_20250909_105912491_20250915_102732289_20250922_100014934_20251023_190551445

দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত?

চলতি বছর এখন পর্যন্ত রুপার দামে ১৭ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১০ দফা দাম বেড়েছে এবং ৭ দফা কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

আরটিভি/এসকে