images

অর্থনীতি

প্রবাসী করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০৪ পিএম

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করতে নতুন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে প্রবাসীরা মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিবন্ধিত ই-মেইল ঠিকানায় ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাবেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এনবিআর জানায়, নতুন ‘বিশেষ নিবন্ধন’ পদ্ধতি চালু করা হয়েছে। যারা আগে বায়োমেট্রিক মোবাইল নম্বর দিয়ে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন; কিন্তু বর্তমানে বিদেশে থাকায় মোবাইল ‘ওটিপি’ ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না, তাদের জন্য এনবিআর সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে।

নতুন এই পদ্ধতিতে ই-মেইল ভেরিফিকেশন পেতে প্রবাসী করদাতাদের নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আবেদনকারীকে তার নিজস্ব ই-মেইল ঠিকানা থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় একটি মেইল পাঠাতে হবে। সঙ্গে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভিসার পাতার কপি, বিদেশের ঠিকানা, বিদেশের মোবাইল বা টেলিফোন নম্বর এবং সবশেষ দেশ ত্যাগের তারিখের প্রমাণপত্র যুক্ত করতে হবে।

দাখিল করা কাগজপত্র ও তথ্য যাচাই শেষে এনবিআর ই-মেইল ভেরিফিকেশনের আবেদন অনুমোদন করবে। এরপর করদাতারা তাদের ভেরিফাইড ই-মেইলে পাঠানো ওটিপি ব্যবহার করে সহজেই পাসওয়ার্ড রিসেট, নিবন্ধন সম্পন্ন এবং ই-রিটার্ন সংক্রান্ত সব কাজ সহজে করতে পারবেন।

আরও পড়ুন
Web-Image17

ইইউর বাজারে প্রতিযোগিতায় ভালো করছে বাংলাদেশ

এনবিআর আরও জানায়, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের এই সহজ পদ্ধতি করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৫-২০২৬ কর বছরে এ পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে ২০২৫-২০২৬ কর বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য সকল ব্যক্তিশ্রেণির করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে রাজস্ব কর্তৃপক্ষ।

আরটিভি/আইএম