images

অর্থনীতি

ফ্রাঙ্কফুর্টে টেকটেক্সটিল ও টেক্সপ্রসেসে বাংলাদেশের তিন প্রতিষ্ঠান

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০৮:০৫ পিএম

বৈশ্বিক টেক্সটাইল শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন টেকটেক্সটিল ২০২৬ ও টেক্সপ্রসেস ২০২৬, জার্মানির ফ্রাঙ্কফুর্টে ২১-২৪ এপ্রিল শুরু হয়েছে। চার দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে বৈশ্বিক টেক্সটাইল খাতের গুরুত্বপূর্ণ মিলনমেলার সূচনা হয়।

উক্ত প্রদর্শনীতে বাংলাদেশ থেকে তিনটি প্রতিষ্ঠান এম অ্যান্ড এ কম্পোজিট লিমিটেড, ইকো প্যাক বিডি এবং টিম ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড অংশ নিয়েছে। টেক্সটাইল ও গার্মেন্টস প্রক্রিয়াজাতকরণ খাতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে এ সব প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন
8

বিশ্ববাজারে আরও বেড়েছে জ্বালানি তেলের দাম

এবারের টেকটেক্সটিল প্রদর্শনীতে ৪৯টি দেশের ১ হাজার ৫০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার মধ্যে ১২০টির বেশি প্রথমবারের মতো অংশগ্রহণ করছে। অপরদিকে টেক্সপ্রসেসে প্রায় ২০০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সব মিলিয়ে দুই প্রদর্শনীতে ১ হাজার ৭০০-এর বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এটি একটি বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য হিসেবে উন্নত উপকরণ, টেকসই উৎপাদন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ উৎপাদন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশের একটি প্রতিনিধি দলও প্রদর্শনীতে অংশ নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মতবিনিময়, নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা গ্রহণ এবং সম্ভাব্য ব্যবসায়িক সহযোগিতার সুযোগ অনুসন্ধান করছে।

প্রদর্শনীর প্রথম দিনেই অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ক্রেতা ও শিল্পসংশ্লিষ্টদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। বৈশ্বিক টেক্সটাইল বাজারে উদ্ভাবন, গুণগত মান ও টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার এ অংশগ্রহণের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে।

আরটিভি/এমআই