বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ১০:৪৯ পিএম
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ হাজার ৩১৬ দশমিক ২৮ মিলিয়ন বা ৩৪ দশমিক ৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ১৪ মে পর্যন্ত দেশের গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩১৬ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ কিছুটা কম, যা বর্তমানে ২৯ হাজার ৬৫৩ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত ১২ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৩৩৬ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার। ওই সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৬৫১ দশমিক ৮৬ মিলিয়ন ডলার। অর্থাৎ গত কয়েক দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ কিছুটা কমলেও বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণে সামান্য পরিবর্তন এসেছে।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে মূলত নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায়গুলো বিয়োগ করলে নিট রিজার্ভের প্রকৃত চিত্র পাওয়া যায়। বর্তমানে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে এবং আমদানি ব্যয় মেটাতে রিজার্ভের এই মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরটিভি/এআর