মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ১১:২২ এএম
সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশ নিয়েছে লাখ লাখ শিক্ষার্থী। কেন্দ্রের ভেতরে চলছে কড়া নীরবতা আর পরীক্ষা। আর বাইরে রোদে দাঁড়িয়ে দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন অভিভাবকেরা, বিশেষ করে মায়েরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এমনই হৃদয়ছোঁয়া দৃশ্য দেখা গেছে। সেখানে তসবি হাতে দাঁড়িয়ে সন্তানের জন্য দোয়া করতে দেখা যায় আয়শা আফরোজকে। তাঁর ছেলে মুত্তাসিন মিম বসির এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
আয়শা আফরোজ গণমাধ্যমকে বলেন, 'পরীক্ষার আগের সময়টা সন্তানের চেয়েও বেশি কষ্টের মা-বাবার জন্য। সন্তানকে ছোট থেকে বড় করা যেমন কষ্টের, এই সময়টাও তেমনই কঠিন।' তিনি আরও বলেন, 'ছেলে ভেতরে শান্ত মাথায় যেন পরীক্ষা দিতে পারে, সেই দোয়াই করছি।'
এদিকে, চলতি বছরে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৭১ হাজারের বেশি।
নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রশাসন এবার কঠোর অবস্থান নিয়েছে। সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং প্রশ্নফাঁস ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ সীমিত করা হয়েছে। কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
আরটিভি/জেএমএ