বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ০১:৩৫ পিএম
প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের নজিরবিহীন পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।
বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা।
শিক্ষকদের পদযাত্রাটি বিজয় সরণির কাছাকাছি নভোথিয়েটারের সামনে এলে দুপুর ১২ টার দিকে পুলিশ বাধা দেয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তেজগাঁও থানার পরিদর্শকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য।
এ সময় তেজঁগাও থানার পরিদর্শক শিক্ষকদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য লিগ্যাল কিছু প্রসিডিউর আছে। আপনাদের সেসব প্রক্রিয়া পালন করে সাক্ষাৎ করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন একটি কূটনৈতিক এরিয়ায় অবস্থিত। তাই আপনাদের দলবন্ধভাবে সেখানে যাওয়া যাবেনা।
গত কয়েকদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদ বর্জনের ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করা এবং বকেয়া বেতন ছাড়ের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে রোববার (২৪ মে) দুপুরে এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করলে পুলিশ তাদের আটকে দেয়। পরে সন্ধ্যায় শিক্ষক নেতারা সভা করে মাদরাসাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ঈদ বর্জনের সিদ্ধান্ত নেন বলে জানান আন্দোলনকারীদের সংগঠনের সদস্য সচিব আব্দুল হান্নান হোসেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ইবতেদায়ি মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করার যে আশ্বাস দিয়েছিল সে আশ্বাস মতো মাদরাসাগুলো এমপিওভুক্ত না করা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছি। একইসঙ্গে আমরা ঈদ বর্জন করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।
আরটিভি/এমএম