রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৫:৪৫ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত ২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে শর্তসাপেক্ষে নিয়োগ দেয়া হলো। ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। সেই সঙ্গে তিনি বিধি অনুযায়ী পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
আরটিভি/টিআর