images

ক্যাম্পাস

এবার রাকসুর জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগের হত্যার হুমকি

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০৮:১০ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মাকে হত্যার হুমকি দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। একই সঙ্গে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুও পোস্টের সঙ্গে সম্মতি জানান।

আসাদুল্লা-হিল-গালিব তার পোস্টে লিখেন, দয়া করে আমার ক্যাম্পাসের টাকে কেউ কিছু করবেন না, অনুরোধ রইল। ওটাই শুধু আমার আর আমার ভাই মোস্তাফিজুর রহমান বাবুর ভাগ। সালাহউদ্দিন আম্মার, ছোটভাই, প্রটেকশন বাড়াও। ৮০ সিসি বাইক নিয়ে একা একা ঘোরাঘুরি করো না। আর তোমার আব্বা সাদিক কায়েম হেলিকপ্টারে যাতায়াত করে, তুমি অন্তত প্লেনে ঢাকা যাবা। তা না হলে যমুনার আগে ও পরে কিছু হতে পারে। আমি চাই তুমি বেঁচে থাক, অনেক হিসাব আছে।

পরদিন শনিবার (১৩ ডিসেম্বর) আসাদুল্লা-হিল-গালিবের পোস্টে মন্তব্য করে মোস্তাফিজুর রহমান বাবু ও অন্যরা। মোস্তাফিজুর রহমান বাবু লেখেন, আল্লাহর কাছে দোয়া করো যেন ওকে বেঁচে (বাঁচিয়ে) রাখে।

সালাহউদ্দিন আম্মা বিভিন্ন দেশি-বিদেশি মাধ্যমে অনবরত হত্যার হুমকি পাচ্ছেন। এর আগে জুলাই মাসে আন্দোলন চলাকালীন সময়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তাকে হত্যার উদ্দেশ্যে ১০ কোটি টাকা দিয়ে সার্ফ শ্যুটার এনে দিয়ে বলে অভিযোগ ওঠে।

সালাহউদ্দিন আম্মা জানিয়েছেন, প্রতিদিন শত শত হত্যার হুমকি ম্যাসেজ, কল পাই। আমাকে ভয় দেখাতে আব্বু-আম্মুর ছবি পাঠায়। এর ফলে আমি চরম নিরাপত্তাহীনতায় আছি, তবে আমি একটুও ভয় পাচ্ছি না। এখনো আমার ফোন নম্বর পরিবর্তন করিনি। এত শত হুমকির মাঝেও হাজার হাজার মানুষ আমার জন্য শঙ্কিত এটাই আমার জীবনের বড় পাওয়া।

আরও পড়ুন
bidhan

প্রাথমিকের শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে উপদেষ্টা যা বললেন 

তিনি আরো বলেন, রক্তচক্ষুকে উপেক্ষা করে লড়াই চালিয়ে যাবো। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে লড়ব। পেছনে ফেরার কোনো সুযোগ নেই। যতদিন বাঁচব এইভাবেই জীবন কাটাবো। আল্লাহর জান আল্লাহ নিবে, আজ হোক বা কাল। আমি জীবন নিয়ে ভয় পাই না। যদি কিছু হয়, আমার বাবা-মাকে সবাই দেখবেন।

আরটিভি/এসকে