শুক্রবার, ১৫ মে ২০২৬ , ০২:৪১ পিএম
গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) আয়োজিত ‘সংবাদের বুনিয়াদি’ শীর্ষক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টায় গুগল মিটে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গবিসাসের সভাপতি মোজাহিদুল ইসলাম নিরবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাহমিদ হাসানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিভি অনলাইনের ইনচার্জ আবু আজাদ।
তিনি বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি সমাজ, রাষ্ট্র এবং মানুষের প্রতি একটি গভীর দায়িত্ববোধের জায়গা। একজন সাংবাদিকের একটি সঠিক তথ্য যেমন সমাজকে আলোকিত করতে পারে, তেমনি একটি ভুল তথ্য বিভ্রান্তি ও সংকটও তৈরি করতে পারে। এই বাস্তবতায় একজন সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত—তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা এবং নৈতিকতা। দ্রুত হওয়ার চেয়ে সঠিক হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকতার শুরুটা যত শক্ত ভিত্তির ওপর হবে, ভবিষ্যতের পথচলাও ততটাই দায়িত্বশীল ও সুন্দর হবে।
কর্মশালায় আরটিভি অনলাইনের ইনচার্জ আরও বলেন, আমি বিশ্বাস করি, এই কর্মশালা শুধু আপনাদের সংবাদ লেখাতেই নয়, চিন্তা ও পর্যবেক্ষণ শক্তিকেও আরও সমৃদ্ধ করবে। বিশেষ করে আমি একটি বিষয় সবসময় গুরুত্ব দিই সাংবাদিকতা মানে শুধু মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে থাকা নয়; সাংবাদিকতা মানে মানুষের গল্প শোনা, নীরব মানুষের কণ্ঠ তুলে ধরা এবং সত্যের পাশে দাঁড়ানো। মাঠে কাজ করতে গেলে চাপ আসবে, সীমাবদ্ধতা থাকবে, কখনও কখনও হতাশাও আসবে। কিন্তু একজন সাংবাদিকের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত তার সততা ও সাহস।
আবু আজাদ বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে, শুধু ভাইরাল হওয়ার জন্য নয়, মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করুন। মনে রাখবেন, ভালো সাংবাদিক হতে হলে আগে ভালো মানুষ হতে হয়। বই পড়ুন, দেশ-সমাজ সম্পর্কে জানুন, প্রযুক্তির সঙ্গে নিজেকে আপডেট রাখুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশ্ন করতে শিখুন।
গবিসাসের সভাপতি মোজাহিদুল নিরব বলেন, গণমাধ্যমের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রতিফলন ঘটাতে প্রয়োজন দক্ষ সংবাদকর্মী। ক্যাম্পাস সাংবাদিকতা সংবাদ এবং সাংবাদিকতা চর্চার প্রাথমিক স্তর হলেও এখান থেকেই তৈরি হয় ভবিষ্যৎ দক্ষ সাংবাদিক, যারা পরবর্তীতে মূল ধারার সাংবাদিকতায় পারদর্শিতার সঙ্গে ভূমিকা রাখে। ক্যাম্পাস পর্যায় থেকে দক্ষ সাংবাদিক তৈরির জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ এবং দিকনির্দেশনা। সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের দক্ষ এবং যোগ্য করে তোলার প্রয়াসেই প্রশিক্ষণমূলক এমন আয়োজন অব্যাহত থাকবে।
গবিসাসের বর্তমান কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা সানজিদা জান্নাত পিংকি বলেন, ক্যাম্পাস সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকতার হাতেখড়ি শুরু হয়, বিশ্ববিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চা এবং নিজেকে আরও সুদক্ষ করে গড়ে তোলার সুযোগ তৈরি হয়। প্রশিক্ষণমূলক জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ তৈরিতে ভূমিকা রাখে ক্যাম্পাস সাংবাদিকতা ভিত্তিক সংগঠনগুলো। এতে জ্ঞান অর্জন এবং প্রয়োগের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যেমন উপকৃত হয়, তেমনি শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য তৈরি হয় সচেতন নাগরিক এবং দক্ষ সংবাদকর্মী হিসেবে।
কর্মশালায় সংবাদ বিশ্লেষণ, ফিচারের গঠন, নানামাত্রিক দিক ও কৌশল, সাংবাদিকতার দৌড় ও ডিজিটাল নিরাপত্তার আইন, ক্যাম্পাস সাংবাদিকতা, পেশা ও ক্যারিয়ার হিসেবে সাংবাদিকতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
অনলাইন এই কর্মশালায় গবিসাসের কার্যনির্বাহী পরিষদের সব সদস্য, আবেদনকারী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বর্তমান কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা ইভা আক্তার উপস্থিত ছিলেন।
আরটিভি/আইএম