মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৮:৩৭ পিএম
ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। কয়েকদিন আগে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিলের পর এবার পাল্টা শক্তি প্রদর্শন করলেন আর্জেন্টিনা সমর্থকরা।
প্রায় ২০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বিশাল শোভাযাত্রা বের করে তারা পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলেন। মিছিলজুড়ে ব্রাজিল সমর্থকদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আর্জেন্টিনা ভক্তদের।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্রাজিল সমর্থক দেখা মাত্রই তারা ‘সেভেন আপ, সেভেন আপ’ এবং ‘আই ব্রাজিল দেইখা যা, আইছে তোদের বাপেরা’ স্লোগান দিতে থাকেন। তবে এ সময় উল্লেখযোগ্য সংখ্যক ব্রাজিল সমর্থকের দেখা না মেলায়, তাদের খুঁজতেই যেন পুরো ক্যাম্পাস চষে বেড়ান আর্জেন্টিনা ভক্তরা।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বিদ্রোহী হল থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে জয়ধ্বনি মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলের সামনের সারিতে বহন করা হয় আর্জেন্টাইন পতাকা, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে।
মিছিলে আর্জেন্টিনার পতাকা, জার্সি ও ব্যানার নিয়ে অংশ নেন শত শত শিক্ষার্থী। আয়োজনকে আরও বর্ণিল করে তুলতে ছিল পার্টি স্প্রে, স্মোক ফ্লেয়ার, বাঁশি, সাউন্ড বক্স, হ্যান্ড মাইক, চকলেট বোম, আতশবাজি ও বাইক শোডাউন। প্রায় তিন শতাধিক সমর্থক, ভক্ত ও ফুটবলপ্রেমীর উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবের আবহ সৃষ্টি হয়। কারও হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, আবার কারও হাতে ছিল আর্জেন্টিনার পতাকা। প্রিয় দল ও খেলোয়াড়দের সমর্থনে তারা নানা স্লোগানে মুখর করে তোলেন ক্যাম্পাস।
মিছিল চলাকালে আর্জেন্টিনা সমর্থকদের কণ্ঠে বারবার ভেসে আসে ব্রাজিল ভক্তদের উদ্দেশে বিভিন্ন স্লোগান। বিশেষ করে ‘আই ব্রাজিল দেইখা যা, আইছে তোদের বাপেরা’ এবং ‘সেভেন আপ, সেভেন আপ’ স্লোগানগুলো সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা সৃষ্টি করে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্রাজিল সমর্থকদের খোঁজ করতে দেখা গেলেও উল্লেখযোগ্য সংখ্যক ব্রাজিল ভক্তের উপস্থিতি চোখে পড়েনি। ফলে স্লোগান, করতালি আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বিশ্বকাপকে ঘিরে তাদের এই আয়োজন প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ। একই সঙ্গে ক্যাম্পাসে ফুটবল উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতেই তারা এ উদ্যোগ নিয়েছেন। তারা বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন এবং দলটির শিরোপা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মিছিল শেষে সমর্থকদের মধ্যে ছবি তোলা, আড্ডা এবং বিশ্বকাপ নিয়ে আলোচনা চলতে থাকে। ফলে দিনের শেষ বিকেলটিও পরিণত হয় আর্জেন্টিনা সমর্থকদের এক মিলনমেলায়।
আরটিভি/এসএস