বাঁচানো গেল না জবি শিক্ষার্থীকে, হার মানলেন ক্যানসারের কাছে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০৪:৩৮ এএম


বাঁচানো গেল না জবি শিক্ষার্থীকে, হার মানলেন ক্যানসারের কাছে
মোহাম্মদ নূর নবী। ছবি: সংগৃহীত

বাঁচানো গেল না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নূর নবীকে। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করার পর হার মানলেন তিনি।

সোমবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নূর নবী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

সহপাঠীরা জানান, নূর নবী বিরল ধরনের অস্থি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ২০১৮ সালে প্রথম এই রোগ ধরা পড়ার পর চিকিৎসকদের পরামর্শে তার একটি পা কেটে ফেলতে হয়। এরপর কৃত্রিম পা লাগিয়ে নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ নিতেন তিনি। সাভার থেকে প্রতিদিন প্রায় ৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ক্যাম্পাসে যেতেন। এভাবেই তিনি সাতটি সেমিস্টার শেষ করেছিলেন।

নূর নবীর এই সংগ্রামী জীবন সহপাঠী ও শিক্ষকদের কাছে ছিল অনুপ্রেরণার উদাহরণ। তবে সম্প্রতি ক্যানসার তার ফুসফুস ও হাড়ে ছড়িয়ে পড়লে শারীরিক অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের সিএমসি ভেলোর হাসপাতালে নেওয়া হয়েছিল।

পরিবার সূত্রে জানা গেছে, নূর নবীর বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। তিনিও স্ট্রোকে আক্রান্ত। ছেলের চিকিৎসার খরচ জোগাতে পরিবারটি শেষ সম্বল বাড়ি-ভিটা ও জমি বিক্রি করে দিয়েছিল। গত বছর তার চিকিৎসার সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যারিটি কনসার্টের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছিলেন। শিক্ষক ও শিক্ষার্থীরা যার যার অবস্থান থেকে এগিয়ে এলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না এই অদম্য মেধাবীকে।

আরও পড়ুন

নূর নবীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহপাঠী ও শিক্ষকেরা তার সাহসের স্মৃতিচারণা করে শোক জানাচ্ছেন। 

নূর নবীর বিভাগীয় শিক্ষকেরা জানান, তার এই অকাল প্রয়াণ বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ক্ষতি।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission