images

ক্যাম্পাস / শিক্ষা

যবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখানোর দাবি শিক্ষার্থীদের

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১২:৪২ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, বিশ্বকাপ শুরুর পর থেকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে প্রজেক্টরের মাধ্যমে নিয়মিত খেলা দেখার আয়োজন করা হচ্ছিল। তবে গত ৭ জুলাই রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচ চলাকালে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন বড় পর্দায় খেলা প্রদর্শন সাময়িকভাবে বন্ধ করে দেয়।

এ সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু করেন শিক্ষার্থীরা। তারা দ্রুত বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন পুনরায় চালুর দাবি জানান। শিক্ষার্থীদের মতে, চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপ ক্যাম্পাসে একসঙ্গে উপভোগ করার সুযোগ বিশ্ববিদ্যালয় জীবনে একবারই আসে। কয়েকজনের অপ্রীতিকর ঘটনার কারণে সব শিক্ষার্থীকে এই সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়।

আরও পড়ুন
Web-Image

ফিরে দেখা ১৬ জুলাই: এ দিন ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস পায় রাজশাহী বিশ্ববিদ্যালয় 

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী স্বর্ণালী বিশ্বাস আরটিভিকে বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, এটি সহশিক্ষা কার্যক্রম ও স্মৃতি তৈরিরও একটি গুরুত্বপূর্ণ স্থান। তিনি বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে আবারও কেন্দ্রীয়ভাবে খেলা দেখার আয়োজন চালু করা উচিত। একই সঙ্গে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসাইন আরটিভিকে বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে পুরো আয়োজন বন্ধ করে দেওয়া যৌক্তিক নয়। নিরাপত্তা জোরদার করে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা চালু রাখা উচিত। তিনি আশা প্রকাশ করেন, অন্তত বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি যেন শিক্ষার্থীরা একসঙ্গে উপভোগ করার সুযোগ পান।

শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইদুল হক নোমান আরটিভিকে বলেন, কয়েকজনের ভুলের কারণে পুরো শিক্ষার্থী সমাজ বঞ্চিত হওয়া উচিত নয়। তিনি নিরাপত্তা ও প্রয়োজনীয় তদারকি নিশ্চিত করে পুনরায় বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা চালুর আহ্বান জানান।


আরটিভি/জেএমএ