images

ক্যাম্পাস

কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন 

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৫:১৮ পিএম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে বেশ কিছুদিন থেকে অভিযোগ করে আসছিলেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় স্বাভাবিকভাবে চলাচল করলেও সম্প্রতি কুকুরের আক্রমণে আহত হওয়ার অভিযোগ করেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এর পরিপ্রেক্ষিতে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে আইনসম্মত ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

জানা যায়, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সহায়তায়  কুকুরের ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় আগামী পরশু (মঙ্গলবার) থেকে ক্যাম্পাস এবং ক্যাম্পাস সংলগ্ন এলাকায় সকল কুকুরকে ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়াও কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে ধাপে ধাপে ক্যাস্ট্রেশন প্রক্রিয়া শুরুর কথাও জানানো হয়েছে। পুরো প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করবে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ। এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন আবাসিক এবং অনাবাসিক অনেক শিক্ষার্থীই। 

আরও পড়ুন
05

ডিজিটাল যুগেও সনাতন পদ্ধতিতে চলছে কুবির কেন্দ্রীয় লাইব্রেরি

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, কুকুর ব্যবস্থাপনার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী মঙ্গলবার (২১ জুলাই) থেকে ক্যাম্পাস এলাকার কুকুরগুলোকে ভ্যাক্সিনেশনের আওতায় আনা হবে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যদি আইনি কোনো জটিলতা না থাকে তাহলে প্রয়োজনে তাদের ক্যাস্ট্রেশন করা হতে পারে। 

কুকুর অন্যত্র সরিয়ে নেয়া হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন অ্যানিম্যাল ওয়েলফেয়ার সংগঠনগুলোর সাথে এ বিষয়ে যোগাযোগ করা হবে এবং প্রয়োজনে MOU করা হবে যদি আইন অনুযায়ী এরকম ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে তবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরটিভি/ এসকেডি