মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৭:০৮ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২০ জুলাই রাত ১০টা থেকে ১টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২৫-২৬) নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের পাশে অবস্থিত একটি কক্ষে নিয়ে বিভিন্নভাবে মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(৬) ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা ক্যাম্পাসে ইভটিজিং, র্যাগিং বা যেকোনো ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ শাস্তিযোগ্য অপরাধ। অভিযের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জাবিতে র্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের আট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার করে।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. তানভীর হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আবির, মো. মাহমুদ আমিন সিয়াম, মো. মোশফিকুর রহমান এবং সৈয়দ সাকিব আহমেদ রাফু। তারা সবাই পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
আরটিভি/এমএইচজে