বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১২:১৫ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা ‘ভিক্টোরি রান উইথ রাকসু’ আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই ম্যারাথনের উদ্বোধন করা হয়।
ম্যারাথনটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে প্যারিস রোড, কাজলা ও রাজশাহী নগরীর তালাইমারী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
ম্যারাথনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমাম হোসেন বলেন, জুলাইয়ের চেতনা ধারণ এবং নতুন প্রজন্মের মধ্যে সেই চেতনাকে জীবন্ত রাখতে আজকের ‘ভিক্টোরি রান’-এ অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। এমন আয়োজনের জন্য রাকসুকে ধন্যবাদ জানাই।
এ সময় রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, জুলাই আমাদের সবার। আমরা সবাই জুলাইয়ের চেতনা ধারণ করি। এই আয়োজনের মাধ্যমে আমরা যেমন জুলাইকে স্মরণ করতে চাই, তেমনি শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাতে চাই। পাশাপাশি আমরা এই বার্তাও দিতে চাই যে, জুলাইয়ের চেতনা ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই স্পৃহা যেন সবসময় অটুট থাকে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই ম্যারাথনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
আরটিভি/জেএমএ