বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ০৩:৩৯ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ জুলাইকে স্মরণ করে ৩৬ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ।
বুধবার (৫ আগস্ট) ভোর ৫টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ম্যারাথন শুরু করেন তিনি। টানা চার ঘণ্টা দৌড়ে সকাল ৯টায় কুষ্টিয়ার হরিপুর গোরস্থানে পৌঁছে ম্যারাথন শেষ করেন। তিনি এই ম্যারাথন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি উৎসর্গ করেন।
ম্যারাথন শেষে সাজ্জাতুল্লাহ শেখ বলেন, ৩৬ জুলাই আমাদের কাছে একটি আবেগের দিন। ২০২৪ সালের এই দিনেই ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমি ৩৬ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করেছি। দৌড়ের সময় হাঁটুতে কিছুটা ব্যথা অনুভব হলেও সফলভাবে ম্যারাথন শেষ করতে পেরেছি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। নতুন বাংলাদেশ গঠনে জুলাইয়ের চেতনা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, সম্প্রীতি ও জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। সব ধরনের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত রাখতে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠন ও জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি দেশবাসীকে জুলাইয়ের চেতনা ধারণ করে আগামীর পথচলার আহ্বান জানাই।
আরটিভি/জেএমএ