images

বিনোদন

বাসা থেকে জনপ্রিয় ইউটিউবারের মরদেহ উদ্ধার

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০১:৩৫ পিএম

জার্মানির জনপ্রিয় ইউটিউবার জ্যান জিমারম্যানকে মৃত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মাত্র ২৭ বছর বয়সে গত ১৮ নভেম্বর মৃত্যুবরণ করেন এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর। 

বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে স্থানীয় পুলিশের বরাতে বলা হয়েছে, জার্মানির কোনিগসউইন্টার শহরের অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে জিমারম্যানকে।

ইউটিউবার জিমারম্যানের পরিবার এরইমধ্যে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর মৃগীরোগে আক্রান্ত হয়ে আকস্মিক ও অপ্রত্যাশিতভাবে মারা গেছেন জিমারম্যান। হাস্যরস, সততা ও উদার হৃদয় ছিল তার। তোমাকে সবসময় ভালোবেসেছি, আমরা তোমাকে ছেড়ে দিয়েছি কিন্তু কখনো ভুলব না।

এদিকে তার মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ বলছে, কোনো ধরনের অপরাধজনিত কারণ সন্দেহ করা হচ্ছে না। বন পুলিশের একজন মুখপাত্র বলেন, গত ১৮ নভেম্বর তার মরদেহ উদ্ধার করা হয়। আমরা মৃত্যুর কারণ জানতে তদন্ত করেছি। যা এরইমধ্যে সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তে কোনো ধরনের অপরাধের প্রমাণ মিলেনি।

এ তরুণের ইউটিউবে ২০ লাখের বেশি এবং ইনস্টাগ্রামে প্রায় সাড়ে চার লাখ ফলোয়ার। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে জার্মানির ডিজিটাল কমিউনিটিতে।

আরও পড়ুন
Salman-Shahrukh-Katrina

বিয়ের আসরে নেচে বলিউড তারকারা কত পান

২০১৯ সালে তিনি ইউটিউবে যাত্রা করেন। বন্ধু টিম লেহম্যানের সঙ্গে একসঙ্গে যাত্রার পর এই জুটির ভিডিওগুলো সাড়া ফেলে নেটিজেন মহলে। এর মধ্যে ট্যুরেট সিনড্রোমে আক্রান্ত জিমারম্যানের দৈনন্দিন লাইফস্টাইল সংশ্লিষ্ট কনটেন্ট অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। যা প্রচুর মানুষ দেখে।

প্রসঙ্গত, ট্যুরেট সিনড্রোম এমন একটি অবস্থা, যা অনিয়ন্ত্রিত নড়াচড়া ও কণ্ঠস্বর সৃষ্টি করে, একে টিক্সও বলা হয়। যা অনিচ্ছাকৃত এবং আক্রান্ত ব্যক্তিরা এসব কখনো থামাতে বা নিয়ন্ত্রণ করতে পারে না।

আরটিভি/কেআই