শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ০২:২৮ পিএম
শিশুতোষ গানপ্রেমীদের জন্য সুখবর! পাঁচটি শিশুতোষ গান নিয়ে নির্মিত অ্যালবাম ‘হাউ মাউ খাউ’ প্রকাশ পাচ্ছে। এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে, অটমনাল মুনের সঙ্গীতায়োজনে নির্মিত হয়েছে গানগুলো।
গানগুলো হলো ‘হাউ মাউ খাউ’, ‘হাট্টিমাটিম টিম', ’তিড়িং বিড়িং ফড়িংটাকে’, ‘ছোটদের গান নিয়ে’ এবং ‘এই তুই কি করছিস?’।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গানগুলো শোনা যাবে মৃন্ময়ী মেঘা, অরণি ক্যাথলিন মুরমু, সামাহ ফাতিহা সাইদ, প্রফুল্ল অংশুমন এবং তানভীর আলম সজীবের কণ্ঠে।
অ্যালবামের প্রথম গান ‘হাউ মাউ খাউ’ প্রচার হবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ইউটিউব চ্যানেলে। এরপর একে একে প্রকাশ পাবে বাকি গানগুলো।
এই অ্যালবাম নিয়ে এনামুল করিম নির্ঝর বলেন, শিশু-কিশোরদের অনুভূতির বিচিত্রতা, কল্পনা, অভিযোগ-অনুযোগ, শিশুদের চোখে প্রকৃতি, বড়দের প্রতি শিশুদের প্রত্যাশা এবং একইসাথে বড়রা কীভাবে তাদের দেখছে, এসব বিষয় উঠে এসেছে অ্যালবামের গানগুলোতে।
অ্যালবামে শিশুদের জন্য গান গেয়েছেন তানভীর আলম সজীব। নিজের গায়কী ভেঙে নতুন করে গানটি গাইবার অভিজ্ঞতা জানালেন তিনি।
‘আমার নিজের ক্যারেক্টার থেকে বেরিয়ে গানটা করা। নির্ঝর ভাই যথারীতি একজন পাগল লোক, একটু অন্যরকম কিছু হলেই ডাক পড়ে, তখন একটা কর্মযজ্ঞের মত শুরু হয়। এভাবে গাইতে হবে, ওভাবে গাইতে হবে। বৈচিত্রময় অভিজ্ঞতা হয় তার সঙ্গে গান করতে গেলে। এখানেও তাই হয়েছে।’
‘হাউ মাউ খাউ’ গানটি গেয়েছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। অ্যালবামটির মাধ্যমে প্রথমবারের মত গান রেকর্ড করার অভিজ্ঞতা হল তার।
মৃন্ময়ীর ভাষায়, এটা আমার ফার্স্ট রেকর্ড ছিল। আমিতো বিশ্বাসই করতে পারছিলাম না। অনেক আনন্দ লাগছিল, অনেক খুশী হয়েছি। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি।
আরটিভি/কেআই