images

বিনোদন / বলিউড

ভোটার তালিকায় এখনো বেঁচে আছেন জুবিন! 

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০৬:৩৬ পিএম

ভারতজুড়ে চলছে বিশেষ ইনটেনসিভ রিভিশন (এসআইআর), যার অংশ হিসেবে মৃত ভোটারদের নাম সংশোধিত তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে আসামের প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গের ক্ষেত্রে ঘটল ব্যতিক্রম। নিয়মের কঠোর কাঠামো ভেঙে মানবিক আবেগ জয়ী হলো একেবারে প্রশাসনিক পর্যায়েই। খবর এনডিটিভির।

আসামের সংশ্লিষ্ট এলাকার ব্লক লেভেল অফিসার (বিএলও) মোহাম্মদ তাফিজ উদ্দিন তালিকা সংশোধনের সময় জুবিন গর্গের নাম দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। নিয়ম অনুযায়ী নাম মুছে ফেলার কথা থাকলেও তিনি তা করতে রাজি হননি।

তিনি জানান, আসামবাসীর কাছে জুবিন গর্গ শুধু শিল্পী নন, তিনি আমাদের হৃদয়ের মানুষ। তাকে মৃত হিসেবে চিহ্নিত করতে মন সায় দিচ্ছিল না। তালিকা যাচাইয়ের সময় আবেগ সামলানো কঠিন হয়ে পড়েছিল। 

ভোটার তালিকায় জুবিনের ছবির পাশে তিনি লিখে দেন- তুমি অমর হয়ে থাকো এবং শান্তিতে ঘুমাও।

আরও পড়ুন
Prova

আমাকে ভুজুং ভাজুং বোঝানোর চেষ্টা করা হয়েছিল: প্রভা

এদিকে জুবিন গর্গের মৃত্যু নিয়ে একাধিকবার চাঞ্চল্যকর দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, জুবিনের মৃত্যু দুর্ঘটনা নয়, বরং ‘পরিকল্পিত খুন’। তার দাবি, প্রাথমিক তদন্তেই পুলিশ বুঝে যায় এটি সরাসরি হত্যাকাণ্ড। এ ঘটনায় অভিযুক্ত চারজন এরই মধ্যে জেলে রয়েছে।

হিমন্ত আরও বলেন, তার (জুবিন) মৃত্যুর পরই মনে হয়েছিল কিছু অস্বাভাবিক। তাই খুন ও ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করা হয়। দুই দিনের মধ্যেই আদালতকে জানানো হয়-এটি হত্যা।

আরটিভি/কেআই