বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০২:৩৬ পিএম
তুমুল জনপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’-এর সাফল্যের পর নির্মাতা মেজবাউর রহমান সুমন ফিরছেন তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’ নিয়ে। মুক্তির আগেই ছবিটি বাংলাদেশের সিনেমার জন্য বয়ে এনেছে এক ঐতিহাসিক আন্তর্জাতিক স্বীকৃতি।
সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারের মধ্য দিয়ে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। এই আনন্দ বহুগুণ বাড়িয়েছে ‘রইদ’-এর আন্তর্জাতিক অর্জন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিশিয়ালি নির্বাচিত হয়েছে ছবিটি। বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এই বিভাগে নির্বাচিত হওয়া এটিই প্রথম ঘটনা, যা বাংলা সিনেমার আন্তর্জাতিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এই উৎসবের টাইগার কম্পিটিশন বিভাগ থেকেই ক্যারিয়ারের শুরুর দিকে কাজ প্রদর্শন করেছিলেন বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান ও বং জুন-হো’র মতো চলচ্চিত্রকাররা।
ছবিটির ভাবনা ও দর্শন সম্পর্কে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের একটি তালগাছকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে আমরা আদম ও হাওয়ার আদিম আখ্যানকে নতুনভাবে খুঁজে দেখার চেষ্টা করেছি। এটি সময়ের বর্তমান নয়, বরং অনুভূতির বর্তমান। ছবিটির প্রতিটি স্তরে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ জড়িয়ে আছে।
প্রযোজক মুশফিকুর রহমান বলেন, দেশের চলচ্চিত্র শিল্পের সবচেয়ে ক্ষয়িষ্ণু সময়ে যে ক’জন নির্মাতা আমাদের আশার আলো দেখিয়েছেন, মেজবাউর রহমান সুমন তাদের অন্যতম। হাওয়া-এর পর ‘রইদ’ এটাই প্রমাণ করে তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। আমরা আগের চেয়ে আরও বেশি আশাবাদী ও আত্মবিশ্বাসী। দেশের সিনেমা হল ও চলচ্চিত্র শিল্পের বর্তমান সংকট কাটিয়ে উঠতে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর এ ধরনের প্রযোজনায় এগিয়ে আসা জরুরি। আমরা বিশ্বাস করি, রইদ দেশ-বিদেশের দর্শকদের মন জয় করবে।
‘রইদ’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। ছবিটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য রচনায় ছিলেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান।
সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রইদ’।
আরটিভি/কেআই