images

বিনোদন / বলিউড

মুক্তির আগেই ছবিটি দেখতে চায় গ্যাংস্টার হুসেইন’র পরিবার, ঘটনা কী

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ , ০৭:৩৫ পিএম

বিশাল ভরদ্বাজের আসন্ন সিনেমা ‘ও রোমিও’ এর টিজার প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কিছু মানুষ এই সিনেমার গল্পকে গ্যাংস্টার হুসেইন উস্তারা ও সাপনা দিদির জীবনের সঙ্গে যুক্ত করেছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এরপর শোনা গিয়েছিল যে, হুসেইন উস্তারার পরিবার সিনেমার নির্মাতাদের হুমকি দিয়েছে। তবে এখন, হুসেইন উস্তারার মেয়ে সানোবর শেখ এই অভিযোগগুলো সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, তাদের পরিবার কোনো হুমকি দেয়নি। খবর বলিউড লাইফের।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সানোবর শেখ বলেন, তাদের পরিবার কারো সঙ্গে ব্যক্তিগত কোনও বিরোধ বা ঝামেলা রাখে না। 

তিনি জানান, বিশাল ভরদ্বাজ একজন প্রশংসিত পরিচালক এবং শহিদ কাপুরও একজন ভাল অভিনেতা, আমাদের কোনো সমস্যা নেই তাদের সঙ্গে। আমাদের একমাত্র অনুরোধ, সিনেমাটি মুক্তির আগে আমরা যেন এটি দেখতে পারি, যাতে আমরা বুঝতে পারি গল্পে কী তুলে ধরা হয়েছে।

সানোবর বলেন, আমরা চাই না কেউ আমাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলুক। যদি সিনেমার মধ্যে আমাদের বাবার গল্প তুলে ধরা হয়, তা হলে সেটা যেন সঠিকভাবে করা হয়।

তিনি আরও জানান, সিনেমায় হুসেইন উস্তারা ও সাপনা দিদির সম্পর্কের যে রোমান্টিক দিক দেখানো হয়েছে, সেটি ভুল। 

সানোবর দাবি করেন, সাপনা দিদি ছিলেন আমার বাবার কাছে এক আত্মীয়ের মতো, তারা ভাই-বোনের সম্পর্ক ছিল। সিনেমায় তাদের সম্পর্ককে রোমান্টিকভাবে উপস্থাপন করা পুরোপুরি ভুল।

সানোবর বলেন, আমরা সিনেমাটি মুক্তির আগে দেখতে চাই, যাতে আমরা বুঝতে পারি কী দেখানো হচ্ছে। যদি তারা আমাদের বাবার গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন, তাহলে তা যেন সঠিকভাবে করা হয়। আমরা এই বিষয়ে আদালতে লড়াই করব।

তিনি জানান, সিনেমার নির্মাতারা তাদের পরিবারের সঙ্গে কোনও অনুমতি নেননি। তিনি বলেন, আমরা কখনোই প্রচারের দিকে মনোযোগ দিইনি, আমাদের লক্ষ্য ছিল না অর্থ কিংবা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা। কিন্তু সিনেমার খবর প্রকাশের পর থেকে আমাদের পরিবার নানা ধরনের অপ্রত্যাশিত চাপের মুখে পড়েছে। অচেনা লোকজনের কাছ থেকে অজানা বার্তা, ভিডিও, প্রশ্ন আসা শুরু হয়েছে, যা আমাদের ব্যক্তিগত জীবনে সমস্যা সৃষ্টি করছে।

আরও পড়ুন
Hulk

‘ডুমসডে’ সিনেমায় হাল্ক নিয়ে দুঃসংবাদ

বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও রোমিও’ সিনেমায় শহিদ কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন নানা পাটেকার, তামান্না ভাটিয়া, বিক্রান্ত ম্যাসি, তৃপ্তি দিমরি, আভিনাশ তিওয়ারি এবং দিশা পাটানি। সিনেমাটি ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরটিভি/কেআই