images

বিনোদন / বলিউড

কিংবদন্তি আশা ভোঁসলের অসুস্থতায় চিন্তিত মোদী

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ১২:৩৮ পিএম

ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের অসুস্থতায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। একই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

শনিবার (১১ এপ্রিল) হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এই বর্ষীয়ান গায়িকা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) সকালে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, আশা ভোসলের হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। আশা ভোঁসলে বর্তমানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল। তবে এখনো তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন
Web-Image.3

প্রাক্তন বৌদির বিরুদ্ধে হংসিকার ২ কোটি টাকার মামলা 

এদিকে তার ভক্তরা সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

শনিবার (১১ এপ্রিল) হাসপাতালে ভর্তি হওয়ার পর আশা ভোঁসলের নাতনি জনাই ভোসলে সামাজিক মাধ্যমে একটি বার্তায় জানান, পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি আরও জানান, চিকিৎসা চলছে এবং শিগগিরই ভালো খবর পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রী মোদীর ৭৫তম জন্মদিনে ভিডিও বার্তায় আশা ভোঁসলে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেখানে তিনি মোদীর শৃঙ্খলা, কাজের প্রতি নিষ্ঠা এবং ব্যক্তিত্বের প্রশংসা করেন। সঙ্গে তার দীর্ঘায়ু কামনা করেন।

বর্তমানে ভক্তদের আশা, কিংবদন্তি এই গায়িকা যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সংগীতজগতে ফিরতে পারেন। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা


আরটিভি/জেএমএ