সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৪:৪০ পিএম
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ভারতজুড়ে। শেষযাত্রায় তাকে শ্রদ্ধা জানাতে বাসভবনে ভিড় জমালেন স্বজন, অনুরাগী ও তারকারা।
সোমবার (১৩ এপ্রিল) ‘কাসা গ্র্যান্ডে’ আবাসনে রাখা হয় তার মরদেহ, যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এই দিন তার শায়িত দেহে জাতীয় পতাকা জড়িয়ে দেওয়া হয়। আশা ভোঁসলের শেষকৃত্য নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নিরাপত্তায় মোড়ানো হয়েছে মুম্বাই। শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে, মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
দুপুর পর্যন্ত সেখানে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান। বলিউড থেকেও একাধিক তারকার আগমন ঘটে।
অভিনেতা রিতেশ দেশমুখ, অভিনেত্রী তবুসহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। সপরিবারে শ্রদ্ধা জানান কিংবদন্তি ক্রিকেটার সচীন টেন্ডুলকার। পরিবারের সদস্যরাও এদিন শেষবারের মতো প্রিয় মানুষটিকে বিদায় জানান।
এছাড়া শাবানা আজমি, জাভেদ আখতার, জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশসহ বহু তারকা শ্রদ্ধা জানান। হুইলচেয়ারে করে এসে শেষবারের মতো বোনকে বিদায় জানান তার বোন মীনা মঙ্গেশকর। সংগীতশিল্পী অনুরাধা পাড়োয়ালকেও দেখা যায় আবেগাপ্লুত হতে।
সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন শাহরুখ খান, আলিয়া ভাট, অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালহোত্রাসহ আরও অনেকে। বিকেল ৪টায় শিবাজী পার্কে সম্পন্ন হওয়ার কথা তার শেষকৃত্য।
এর আগে শনিবার আচমকা অসুস্থ হয়ে পড়েন আশা ভোঁসলে। তাকে ভর্তি করা হয় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। চিকিৎসক প্রতীত সমদানি জানান, একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়।
দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতজগতকে সমৃদ্ধ করেছেন আশা ভোসলে। হিন্দি সিনেমা ছাড়াও একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন তিনি। সংগীতে অসামান্য অবদানের জন্য ২০০৮ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ প্রদান করা হয়।
এ ছাড়া তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হয়েছেন। তার গাওয়া ‘দিল চিজ কেয়া হ্যায়’, ‘ইন আঁখোঁ কি মস্তি কে’ কিংবা ‘ইয়ে ক্যায়া জাগাহ হ্যায় দোস্তোঁ’-এর মতো অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে।
আরটিভি/এসআর