images

বিনোদন

কিংবদন্তি অভিনেত্রী কবরীর শেষ স্বপ্ন পূরণে ছেলের লড়াই

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৯:৪০ পিএম

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী, ‘মিষ্টি মেয়ে’ খ্যাত সারাহ বেগম কবরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ১৭ এপ্রিল তিনি না-ফেরার দেশে পাড়ি জমালেও ভক্তদের হৃদয়ে আজও অম্লান। প্রয়াণ দিবসের এই আবহে নতুন করে আলোচনায় এসেছে তার পরিচালিত সর্বশেষ ও অসমাপ্ত চলচ্চিত্র ‘এই তুমি সেই তুমি’।

দীর্ঘ প্রতীক্ষার পর কবরীর এই স্বপ্নের প্রজেক্টটি এখন মুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মৃত্যুর আগে সিনেমাটির সিংহভাগ কাজ শেষ করে গেলেও মাত্র দুই দিনের শুটিং বাকি থাকতেই থমকে গিয়েছিল নির্মাণকাজ। পরবর্তীতে মায়ের সেই অসমাপ্ত কাজ পূর্ণতা দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন তার ছেলে শাকের চিশতী।

আরও পড়ুন
Web-Image---Copy

স্ত্রীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্বামী

মায়ের স্বপ্নকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে গত কয়েক বছর নিরলস কাজ করেছেন শাকের। তার তত্ত্বাবধানেই শেষ হয়েছে বাকি থাকা শুটিং, ডাবিং এবং সম্পাদনার কাজ। 

সিনেমাটিকে বিশ্বমানের রূপ দিতে প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি জমা দেওয়া হয়েছে। বর্তমানে সিনেমাটির সাবটাইটেল সংযোজনের কাজ চলছে যাতে বিশ্বজুড়ে দর্শকরা এটি উপভোগ করতে পারেন।

দেশে মুক্তির সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। সিনেমাটি বর্তমানে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। বোর্ডের ছাড়পত্র পেলেই চূড়ান্ত হবে প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ। শাকের চিশতী জানান, শুধুমাত্র একটি সিনেমা নির্মাণ নয়, বরং মায়ের শেষ সৃষ্টিকে যথাযথ সম্মানের সাথে দর্শকদের সামনে উপস্থাপন করাই ছিল তার মূল লক্ষ্য। ‘এই তুমি সেই তুমি’ চলচ্চিত্রের মাধ্যমেই প্রিয় অভিনেত্রীকে বড় পর্দায় শেষবারের মতো অনুভব করবেন তার ভক্তরা।

আরটিভি/এমআই