মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৩:৪১ পিএম
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা গুলশান আরা আক্তার চম্পা। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে চম্পা গণমাধ্যমকে জানান, তার বড় বোনেরা আগেই হজ পালন করেছেন। তিনি তখন যেতে পারেননি। তবে এবার সুযোগ এসেছে। তিনি বলেন, আল্লাহ চাইলে এ বছরই হজ পালন করবেন এবং সঙ্গে তার ভাইও থাকবেন।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও টেলিভিশনের নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন চম্পা। পরে ১৯৮৫ সালে পরিচালক শিবলী সাদিকের তিন কন্যা চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম ছবিতেই দর্শক ও চলচ্চিত্রাঙ্গনের প্রশংসা পান।
এরপর ধীরে ধীরে দেশের চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন চম্পা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে তিন কন্যা, ভেজা চোখ, পদ্মা মেঘনা যমুনা, শঙ্খনীল কারাগার, পদ্মা নদীর মাঝি, মনের মানুষসহ আরও অনেক ছবি।
অভিনয়ে অসাধারণ দক্ষতার জন্য চম্পা বহুবার দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছেন। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে তিনবার সেরা অভিনেত্রী এবং দুইবার পার্শ্ব চরিত্রে এই সম্মাননা পেয়েছেন তিনি।
আরটিভি/জেএমএ