রোববার, ২৪ মে ২০২৬ , ০১:১৯ পিএম
বিশ্ববিখ্যাত রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান জানিয়েছেন, তিনি প্রতিদিন পুষ্টি–পরিপূরক হিসেবে প্রায় ৩৫ ধরনের সাপ্লিমেন্ট ওষুধ গ্রহণ করেন। এই স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা—এত বেশি সাপ্লিমেন্ট গ্রহণ কি আদৌ স্বাস্থ্যকর, নাকি এতে লুকিয়ে আছে বড় ঝুঁকি?
একটি পডকাস্টে কিম জানান, তিনি দিনে ৩ বার ভাগ করে এসব সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে এত বেশি গ্রহণের কারণে তিনি মানসিক ও শারীরিকভাবে ক্লান্তি অনুভব করেন বলেও জানান, যাকে তিনি পিল ক্লান্তি হিসেবে উল্লেখ করেন।
তার এই বক্তব্যের পর বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত সাপ্লিমেন্ট গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। চিকিৎসকদের মতে, সুস্থ ও সুষম খাদ্য গ্রহণ করলেই বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না।
বিশেষজ্ঞরা আরও বলেন, কিছু ভিটামিন যেমন ক, ডি, ই ও এ অতিরিক্ত গ্রহণ করলে শরীরে জমে গিয়ে বিষক্রিয়া তৈরি করতে পারে। যা লিভার, স্নায়ু এবং হৃদযন্ত্রের ক্ষতির ঝুঁকি বাড়ায়। পাশাপাশি বিভিন্ন খনিজ উপাদান একে ওপরের শোষণে বাধা সৃষ্টি করতে পারে। ফলে শরীরে ভারসাম্য নষ্ট হয়।
চিকিৎসকদের মতে, একসঙ্গে অনেক ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করলে লিভার ও কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে। কারণ এসব অঙ্গই শরীরের সব উপাদান প্রক্রিয়াজাত করে।
বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন, পরিপূরক শিল্প অনেক দেশে ওষুধের মতো কঠোরভাবে নিয়ন্ত্রিত নয়। ফলে মান ও উপাদানের ভিন্নতা থাকতে পারে। এতে অতিরিক্ত সাপ্লিমেন্ট গ্রহণ করলে ঝুঁকি আরও বেড়ে যায়।
পুষ্টিবিদদের মতে, সাপ্লিমেন্ট কখনোই সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম, ব্যায়াম ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বিকল্প নয়। বরং প্রয়োজন অনুযায়ী সীমিতভাবে ব্যবহার করাই নিরাপদ।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ভিটামিন ডি, আয়রন বা ভিটামিন বি–টুয়েলভের মতো ঘাটতি থাকলে নির্দিষ্ট সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। তবে অপ্রয়োজনে অতিরিক্ত গ্রহণ স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে।
সূত্র: হিন্দুস্থান টাইমস
আরটিভি/জেএমএ