সোমবার, ২৫ মে ২০২৬ , ০৩:৫১ পিএম
দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলার জন্মদিন আজ। অভিনয়, সংগীত ও উন্নয়নকর্মী হিসেবে বহুমাত্রিক পরিচয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
জন্মদিনের দিনটিও তিনি কাটাচ্ছেন অফিসের কাজের মধ্যেই। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, সারাদিন অফিসের কাজ থাকায় দিনটি বেশ সাধারণভাবেই কেটেছে। তবে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় আনন্দিত তিনি।
জন্মদিনে কোনো বিশেষ আয়োজন নেই বলে জানান মিথিলা। তার ভাষায়, এখন কাজই তার মূল অগ্রাধিকার, ছোটবেলার মতো জন্মদিন নিয়ে আর আগের মতো বাড়তি উচ্ছ্বাস নেই।
তবে দিনটি একেবারে সাধারণও নয়। তিনি জানিয়েছেন, রাতে মেয়ে ও পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে গিয়ে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে।
মিথিলা শুধু অভিনয় বা সংগীতেই নয়, উন্নয়ন খাতেও দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিশু অধিকার, শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ নানা সামাজিক উন্নয়ন কার্যক্রমে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে।
অভিনয়েও সমানভাবে সক্রিয় তিনি। ওটিটি ও চলচ্চিত্রে কাজ করে পেয়েছেন প্রশংসা ও স্বীকৃতি। অভাগী চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন, যা তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ধরা হয়।
আরটিভি/জেএমএ