images

বিনোদন / টালিউড

স্বরূপ গ্রেফতারেই মুখ খুললেন অনির্বাণ, ‘আমরা জানতাম বলেই বিরোধিতা করেছি’

শনিবার, ০৬ জুন ২০২৬ , ১১:৪৪ এএম

টলিউডের প্রাক্তন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর এবার মুখ খুললেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। একটি শহুরে অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

সংবাদসংস্থা আনন্দবাজার পত্রিকা জানায়, গত ৪ জুন স্বরূপ বিশ্বাস গ্রেফতার হন। এর পরদিনই ৫ জুন শহরের এক অনুষ্ঠানে উপস্থিত হন অনির্বাণ ভট্টাচার্য। সেখানেই তিনি জানান, দীর্ঘদিন ধরে চলা এই বিরোধিতা কোনো একক লড়াই নয়, বরং অনেকের সম্মিলিত অবস্থান।

অনির্বাণ বলেন, তিনি একা নন, আরও অনেকে এই লড়াইয়ে ছিলেন। তার ভাষায়, ইন্ডাস্ট্রির গ্ল্যামার জগতের বাইরে থাকা কলাকুশলীরা সবচেয়ে বেশি ভুগেছেন এবং তাদের স্বার্থেই এই অবস্থান নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, আমরা এগুলো জানতাম বলেই এর বিরোধিতা করেছিলাম। তার বক্তব্য অনুযায়ী, স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর বিষয়টি অনেকের কাছে স্পষ্ট হলেও, এর আগেই তারা বিষয়টি নিয়ে সচেতন ছিলেন।

আরও পড়ুন
Web-Image

গুরুতর অসুস্থ ‘চিরদিনই তুমি যে আমার’ গানের সিনেমার পরিচালক সুজিত

২০২৫ সালে রঘু ডাকাত ছবির মুক্তির পরে আর কোনো সিনেমা মুক্তি পায়নি অনির্বাণের। চলতি বছরের শুরুতে অনির্বাণের হয়ে প্রকাশ্যে ক্ষমা চান দেব। তবুও মন গলেনি স্বরূপের।

জানা যায়, গত দুই বছর ধরে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে স্বরূপ বিশ্বাসের মতবিরোধ চলছিল। এই সময়ের মধ্যে ইন্ডাস্ট্রিতে কর্মবিরতি আন্দোলনের সময়ও অনির্বাণ ছিলেন সামনের সারিতে।

এরপর থেকেই তার কাজের পরিমাণ কমে যায় বলে ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়। একসময় তাকে ইন্ডাস্ট্রিতে ব্যান করা হয়েছে বলেও আলোচনা হয়।

স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং বর্তমানে বিষয়টি তদন্তাধীন। তার গ্রেফতারকে ঘিরে টলিউড ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোচনা চলছে।

এদিকে নতুন কাজে ফিরেছেন অনির্বাণ ভট্টাচার্য। তাকে দেখা যাবে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি দেশু ৭-এ। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা


আরটিভি/জেএমএ