শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ০৭:৫৩ পিএম
বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি মুম্বাইয়ের পালি হিলে নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পর থেকেই তাদের আয়োজন ও বিশেষ করে আংটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, গৌরী স্প্র্যাটকে যে আংটিটি পরিয়েছেন আমির, সেটি শুধু দামি নয়, বরং অত্যন্ত বিরল একটি শিল্পকর্মও বটে।
সাধারণত তারকাদের বিয়েতে হীরার আংটি দেখা গেলেও আমির বেছে নিয়েছেন মাদাগাস্কার থেকে সংগ্রহ করা প্রাকৃতিক ক্যাবোশন-কাট রুবি। বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড কুইন এই আংটিটি তৈরি করেছে।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতার ভাষ্য, এমন মানের একটি প্রাকৃতিক রুবি সংগ্রহ করতেই তিন মাসের বেশি সময় লেগেছে। এরপর আংটির নকশা, রুবি বসানো, কারুকাজ এবং চূড়ান্ত ফিনিশিংয়ের কাজ সম্পন্ন করতে মোট ২৫৬ ঘণ্টা সময় ব্যয় করা হয়েছে।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এই একটি আংটি তৈরির পুরো প্রক্রিয়ায় কাজ করেছেন ১৩১ জন দক্ষ কারিগর।
আংটির নকশাতেও রয়েছে রাজকীয় ছোঁয়া। সোনার তৈরি মুকুট-আকৃতির সেটিংয়ে বসানো হয়েছে বিরল রুবিটি। চারপাশে সূক্ষ্ম কারুকাজ, ভিনটেজ ডিজাইন এবং প্রাকৃতিক হীরার অলঙ্করণ আংটিটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য।
দাম প্রকাশ করা না হলেও, বিরল রুবি, দীর্ঘ সময়ের নিখুঁত কারুকাজ এবং বিপুল সংখ্যক কারিগরের শ্রমে তৈরি এই আংটিকে ইতোমধ্যেই বলিউডের অন্যতম আলোচিত বিয়ের আংটি হিসেবে দেখা হচ্ছে।
আরটিভি/এসকে