images

বিনোদন

রামের চুমু নিয়ে শ্রেয়ার ক্ষোভ, ‘রাম নোংরা নন’ বললেন গৌতমী

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৭:৩১ পিএম

রাম কাপুরের চুমু নিয়ে শ্রেয়া কালরার অভিযোগের পর এবার স্বামীর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী গৌতমী কাপুর। রামকে ‘নোংরা মানুষ’ বা খারাপ উদ্দেশ্যের মানুষ হিসেবে মন্তব্য না করার কথা জানিয়েছেন তার স্ত্রী গৌতমী।

সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জনপ্রিয় রিয়ালিটি শো ‘লকআপ : সাচ ইয়া সাজা ২’-এ রামের আচরণ নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেন শ্রেয়া। শিল্পা শিন্ডের সঙ্গে কথা বলার সময় রামের চুমু নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘আমার বাবাও আমাকে এত চুমু দেন না।’

শ্রেয়ার এই মন্তব্যের পর রামের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা।

এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে স্বামীর পক্ষে কথা বলেন গৌতমী।

গৌতমী বলেন, ‘রামকে নিয়ে অনেকেই নানা মন্তব্য করছেন। কেউ বলছেন, সে নোংরা মানুষ, কেউ বলছেন তার খারাপ উদ্দেশ্য আছে। কিন্তু আমি বলতে চাই, রাম এমনই একজন মানুষ।

কোনো পরিকল্পনা ছাড়াই রিয়ালিটি শোতে গিয়েছেন রাম। সব কিছুই তিনি মন থেকে করেন। রাম যদি সত্যিই খারাপ উদ্দেশ্য নিয়ে আচরণ করতেন, তাহলে শুরুর দিকেই শোয়ের অন্য প্রতিযোগীরা বিষয়টি নিয়ে আপত্তি জানাতেন’ বলেও মন্তব্য করেন গৌতমী।

আরও পড়ুন
salman-khan

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, জবাব দিলেন ‘ভাইজান’ নিজেই

তবে শ্রেয়ার অভিযোগের পর হঠাৎ রামকে নিয়ে এত আলোচনা কেন শুরু হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন গৌতমী। তার মতে, এর পেছনে অন্য কারণ থাকতে পারে।

গৌতমী বলেন, গ্যাং লিডার হিসেবে রাম শ্রেয়াকে সমর্থন করেননি। অথচ শ্রেয়া টাস্কে ভালো করার পাশাপাশি রামকে সব সময় সমর্থন করেছেন। তবে রাম শ্রেয়াকে সমর্থন করবেন কি না, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান তিনি।

রিয়ালিটি শোর প্রতিযোগীদের মানসিক চাপের কথাও তুলে ধরেন গৌতমী। তিনি বলেন, প্রতিযোগীরা চার-পাঁচ সপ্তাহ ধরে বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই শোতে রয়েছেন। তাই তাদের ওপর মানসিক চাপ কতটা, তা বাইরে থেকে বোঝা কঠিন।

গৌতমীর আরো দাবি, অনুষ্ঠানের পর্বগুলো সম্পাদনা করে প্রচার করা হয়। ফলে দর্শক পুরো ঘটনা দেখতে পান না। শুধু সম্পাদিত অংশ দেখে রামকে নিয়ে কঠিন মন্তব্য না করার আহ্বান জানান তিনি।

সর্বশেষে স্বামীর পাশে থাকার কথা জানিয়ে গৌতমী বলেন, ‘আমি শেষ পর্যন্ত আমার স্বামীকে সমর্থন করব। রাম, আমরা তোমাকে ভালোবাসি এবং তোমার পাশে আছি।’

এর আগে একটি টাস্কে জয়ের পর শ্রেয়াকে গালে চুমু দিয়েছিলেন রাম কাপুর। ওই টাস্কে জয়ের কারণে এক সপ্তাহের জন্য রামকে শো থেকে বাদ পড়ার ঝুঁকি থেকে বাঁচিয়েছিলেন শ্রেয়া।

‘লকআপ : সাচ ইয়া সাজা ২’ বর্তমানে সঞ্চালনা করছেন ফারাহ খান ও রিতেশ দেশমুখ। এবারের মৌসুমে রয়েছেন আকাঙ্ক্ষা চৌধুরী, সুনিতা আহুজা, রাম কাপুর, শ্রেয়া কালরা, শিবাঙ্গী জোশি, হারশাদ চোপড়া, সুফি মোটিওয়ালা, ধীরাজ ধুপার ও ভারুণ যাদব। ভারুণ ‘লায়লা’ নামেও পরিচিত।

আরটিভি/ এসকেডি