শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০২:২৪ পিএম
মার্ভেল ও সনি তাদের নতুন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমা ঘিরে রহস্য আরও বাড়িয়ে তুলেছে। এবার প্রকাশ করা হয়েছে অভিনেত্রী স্যাডি সিঙ্কের প্রথম ঝলক। তবে তিনি সিনেমায় কোন চরিত্রে অভিনয় করছেন, সেই রহস্য এখনও উন্মোচন করা হয়নি।
সম্প্রতি স্পাইডার-ম্যানের ফাইনাল ট্রেইলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, স্যাডি সিঙ্ক নিজের চরিত্রের নাম বলতে শুরু করতেই হঠাৎ একটি মাকড়সার জাল তার মুখ ঢেকে দেয়। ফলে শেষ পর্যন্ত তিনি কী বলতে চেয়েছিলেন, তা আর জানা যায়নি। ভিডিওটি প্রকাশের পর অল্প সময়েই প্রায় ৯ লাখ ৬৪ হাজারের বেশি বার দেখা হয়েছে।
স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। অনেকের ধারণা, তিনি জনপ্রিয় চরিত্র জিন গ্রে-এর ভূমিকায় অভিনয় করছেন। নতুন ট্রেইলারে তার ধূসর রঙের পোশাক দেখেও সেই জল্পনা আরও জোরালো হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্যাডি সিঙ্ক জানান, তিনি সত্যিই নিজের চরিত্র সম্পর্কে কিছু বলতে পারবেন না। তবে পুরো বিষয়টি গোপন রাখা তার কাছে নতুন নয়। এর আগে স্ট্রেঞ্জার থিংস সিরিজেও একই ধরনের গোপনীয়তা বজায় রাখতে হয়েছিল বলে জানান তিনি।
নতুন সিনেমার গল্প শুরু হবে নো ওয়ে হোম-এর ঘটনার কয়েক বছর পর। সেখানে দেখা যাবে, সবাই পিটার পার্কারের পরিচয় ভুলে যাওয়ার পর নতুন বাস্তবতায় নিজের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে সে। একই সঙ্গে এমজে ও নেডের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি এক রহস্যময় শক্তিশালী শত্রুর মুখোমুখিও হবে পিটার।
সিনেমাটি মুক্তির আগেই এটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিভিন্ন পূর্বাভাস অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি রেকর্ড আয় করতে পারে। প্রথমে উদ্বোধনী সপ্তাহে আয় ১৮ থেকে ১৯ কোটি ডলার হতে পারে বলে ধারণা করা হলেও, পরে সেই পূর্বাভাস বেড়ে ২৩ থেকে ২৫ কোটি ডলারে পৌঁছেছে। এমনকি অনেকের মতে, এটি নো ওয়ে হোম-এর উদ্বোধনী আয়ের রেকর্ডও ভেঙে দিতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগাম টিকিট বিক্রির দিক থেকেও সিনেমাটি গত পাঁচ বছরের মধ্যে অন্যতম সেরা সাড়া পেয়েছে। পাশাপাশি নতুন গান, তারকাবহুল প্রচারণা ও রহস্যময় প্রচার কৌশলের মাধ্যমে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে মার্ভেল ও সনি।
সব জল্পনার অবসান ঘটিয়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তখনই জানা যাবে, স্যাডি সিঙ্ক আসলে কোন চরিত্রে অভিনয় করেছেন।
আরটিভি/জেএমএ