শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ০৬:৫০ পিএম
বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তরুণ প্রজন্মের ক্রেজ তিনি। নিয়মিত কাজ করছেন ওটিটি প্লাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্রতে। শুধু তাই নয় ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এ নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তানজিন তিশা। সেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী।
ছবিটি ঘিরে সম্প্রতি তৈরি হয়েছে এক আলোচনা। যার সূত্রপাত শুটিং ফ্লোরের একটি ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে। যেখানে শাকিব খান ও এক নারীকে দেখা যায় শুটিং সেটে। আর নাচের স্টেপের সেই ভিডিওটি ছড়িয়ে পড়তে নেটিজেনদের দাবি, সেই নারীটি নাকি তানজিন তিশা আর এ নিয়েই চলছে আলোচনা।

সেই ভিডিও প্রসঙ্গে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। তিশার দাবি, সোলজারে আমার কোনো ক্লিপ এখনো প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং।
তানজিন তিশা বলেন, মাঝেমধ্যে একটু জেনে-শুনে নিউজ করলে ভালো হয়। আমি জানি, একটা বড় কাজ করতে যাচ্ছি।

নতুন ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। বলেন, আমি অনেক এক্সাইটেড। যদিও আমি একা কিছু নই, এটা পুরো টিমের কাজ। আমি সবসময় বলি, এটা একটা টিম ওয়ার্ক।
‘সোলজার’-এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। দেশপ্রেমের গল্পে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। শোনা আযচ্ছে, সবকিছু পরিকল্পনামাফিক হলে আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সোলজার’।
আরটিভি/এএ