মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৪৫ পিএম
সাহারা ও এশিয়ার মরুভূমির নিশাচর এই ছোট্ট বিড়ালটি কুকুরের মতো ঘেউ ঘেউ ডাকে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ফেলিস মার্গারিটা, যা ইংরেজিতে পরিচিত স্যান্ড ক্যাট নামে।
মরুভূমির নির্জন বালিয়াড়ি ও রুক্ষ পরিবেশে এই বিড়ালটি নিজেদের অসাধারণ অভিযোজন ক্ষমতা দিয়ে বেঁচে থাকে। দৈর্ঘ্যে মাত্র ৪৫–৫৭ সেন্টিমিটার হলেও লেজ প্রায় ২৮-৩৫ সেন্টিমিটার লম্বা। ওজন মাত্র ১-৩ কেজি হলেও শিকার করার ক্ষেত্রে তারা দারুণ দক্ষ।
এরা মূলত নিশাচর। দিনের তপ্ত রোদ এড়িয়ে রাতের অন্ধকারে শিকারে বের হয়। প্রধান খাদ্য হচ্ছে ছোট ইঁদুর, স্পাইনি মাউস, জারবিল, খরগোশের ছানা, ছোট পাখি এবং মাঝে মাঝে সরীসৃপ। সাহারা মরুভূমিতে দেখা গেছে, তারা বিষাক্ত স্যান্ড ভাইপার সাপকেও অনায়াসে শিকার করতে পারে। শিকার করার পর খাদ্য না খেলে বালুর নিচে তা সংরক্ষণ করে রাখে।
স্যান্ড ক্যাট সাধারণত একা একা জীবনযাপন করে। প্রজননের মৌসুমে তারা একে অপরকে খুঁজতে কুকুরের মতো ডাক ব্যবহার করে। বিস্তীর্ণ মরুভূমিতে তাদের এই জোরালো ডাক এবং তীক্ষ্ণ শ্রবণশক্তি তাদের সঙ্গীকে বহু দূর থেকে খুঁজে পেতে সাহায্য করে।
বিড়াল পরিবারে ছোট ও দুর্লভ এই প্রজাতি তাদের আকর্ষণীয় বৈশিষ্ট্য এবং অদ্ভুত আওয়াজের কারণে বিশ্বজুড়ে প্রাণীপ্রেমীদের কৌতূহল জন্মায়।
আরটিভি/এসকে