শনিবার, ২১ মার্চ ২০২৬ , ১২:৫১ পিএম
প্রকৃতির বিস্ময়কর প্রাণীদের মধ্যে অন্যতম একটি নাম হার্পি ঈগল। বিশাল দেহ, মোটা পা এবং অস্বাভাবিক বড় নখরের কারণে প্রথম দেখায় এটিকে অনেকটা মানুষের মতোই অদ্ভুত আকৃতির মনে হতে পারে। তবে বাস্তবে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী শিকারি পাখি।
হার্পি ঈগলের পেছনের নখর প্রায় ৪ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, যা দিয়ে এটি সহজেই শিকারকে শক্তভাবে আঁকড়ে ধরে চূর্ণ করতে পারে। আকারে বড় হলেও এই পাখিটি অত্যন্ত দ্রুতগতির এবং ঘন জঙ্গলের ভেতর অনায়াসে চলাচল করতে সক্ষম।
এই পাখির প্রাকৃতিক আবাসস্থল মধ্য ও দক্ষিণ আমেরিকার উষ্ণমণ্ডলীয় বনাঞ্চল। দক্ষিণ মেক্সিকো থেকে শুরু করে ব্রাজিল, বলিভিয়া ও আর্জেন্টিনা পর্যন্ত এর বিস্তৃতি ছিল। তবে বন উজাড় ও শিকারের কারণে বর্তমানে অনেক এলাকায় এদের সংখ্যা কমে এসেছে। সাধারণত তারা বনের উঁচু গাছের চূড়ায় বাসা তৈরি করে এবং সেখান থেকেই শিকার নজরে রাখে। মানুষের উপস্থিতি বেশি এমন এলাকা তারা এড়িয়ে চলে।
শিকার করার ক্ষেত্রে হার্পি ঈগল একাকী এবং দিনের বেলায় সক্রিয় থাকে। তীক্ষ্ণ দৃষ্টিশক্তির সাহায্যে গাছের ডালে বসে শিকার লক্ষ্য করে এবং সুযোগ পেলেই হঠাৎ আক্রমণ চালায়। এর তুলনামূলক ছোট কিন্তু চওড়া ডানা ঘন জঙ্গলের মধ্যে দ্রুত দিক পরিবর্তনে সহায়তা করে।
এদের প্রধান খাদ্য গাছে বসবাসকারী প্রাণী, বিশেষ করে বানর ও শ্লথ। পাশাপাশি সরীসৃপ, অন্যান্য পাখি এবং ছোট স্তন্যপায়ী প্রাণীও এদের খাদ্য তালিকায় রয়েছে। কখনও কখনও ছোট হরিণের মতো বড় শিকারও এদের হাতে ধরা পড়ে।
আকার, শক্তি এবং শিকার দক্ষতার দিক থেকে হার্পি ঈগল প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যা বিশ্বের শীর্ষ শিকারি পাখিদের মধ্যে বিশেষ স্থান দখল করে আছে।
আরটিভি/এমএইচজে