শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৬:৫১ পিএম
২০২১ সালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট নদী থেকে ১০৯ কেজি ওজনের একটি বিশাল লেক স্টারজন মাছ ধরেন গবেষকেরা। প্রায় ৭ ফুট লম্বা এই মাছটি নদী থেকে তুলতে তিনজন জীববিজ্ঞানীর রীতিমতো বেগ পেতে হয়। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর মাছটিকে আবার নদীতে ছেড়ে দেওয়া হয়। গবেষকদের ধারণা, মাছটির বয়স ছিল ১০০ বছরেরও বেশি।
তবে এটি বিশ্বের সবচেয়ে বড় মিঠাপানির মাছ নয়।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, আকারের দিক থেকে সবচেয়ে বড় মিঠাপানির মাছ বেলুগা স্টারজন। ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলের কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর, আজভ সাগর এবং এসব সাগরের সঙ্গে সংযুক্ত নদীগুলোতে এ মাছের বিচরণ। একটি পূর্ণবয়স্ক বেলুগা স্টারজনের দৈর্ঘ্য ২৬ ফুটের বেশি এবং ওজন সর্বোচ্চ দুই মেট্রিক টন বা দুই হাজার কেজি পর্যন্ত হতে পারে। বিশাল আকৃতির কারণে এটি জলজ খাদ্যশৃঙ্খলের শীর্ষ শিকারিদের অন্যতম।
স্টারজন মাছের ইতিহাসও বিস্ময়কর। প্রায় ২৫ কোটি বছর আগে ডাইনোসরের যুগেও এদের অস্তিত্ব ছিল। বর্তমানে পৃথিবীতে স্টারজন ও প্যাডেলফিশের মোট ২৭টি প্রজাতি টিকে আছে, যার মধ্যে বেলুগা স্টারজন সবচেয়ে বড়।
বিজ্ঞানীদের মতে, দীর্ঘায়ু এবং প্রজনন সুবিধাই এ মাছের বিশাল আকারের অন্যতম কারণ। বড় আকৃতির স্ত্রী স্টারজন তুলনামূলক বেশি ডিম পাড়তে পারে। পাশাপাশি বড় হওয়ায় এদের ওপর শিকারি প্রাণীর আক্রমণের ঝুঁকিও কম থাকে।
তবে অতিরিক্ত মাছ ধরা, নদীতে বাঁধ নির্মাণ এবং ক্যাভিয়ারের চাহিদার কারণে বেলুগা স্টারজন এখন বিলুপ্তির মুখে। এর ডিম থেকে তৈরি বিখ্যাত ক্যাভিয়ার বিশ্বের সবচেয়ে দামি খাদ্যপণ্যের একটি। এ কারণেই আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) প্রজাতিটিকে মহাবিপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে।
বর্তমানে বড় আকারের বেলুগা স্টারজন খুব কমই দেখা যায়। তাই বাস্তবে বিশাল স্টারজন দেখার সম্ভাবনা এখন বেশি হোয়াইট স্টারজন প্রজাতির ক্ষেত্রে, যা উত্তর আমেরিকায় তুলনামূলক ভালো সুরক্ষায় রয়েছে।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বেলুগা ও হোয়াইট স্টারজনকে সাধারণত মিঠাপানির মাছ বলা হলেও তারা জীবনের বড় অংশ সমুদ্রের লবণাক্ত পানিতে কাটায়। ডিম পাড়ার জন্য তারা আবার নদীতে ফিরে আসে। অর্থাৎ এরা পুরোপুরি মিঠাপানির মাছ নয়।

তাহলে সম্পূর্ণ মিঠাপানিতে বসবাসকারী বিশ্বের সবচেয়ে বড় মাছ কোনটি?
এই রেকর্ডের প্রকৃত অধিকারী মেকং জায়ান্ট ক্যাটফিশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার মেকং নদীতে বসবাসকারী এই বিশালাকার ক্যাটফিশ আমাদের পরিচিত পাঙাশ মাছেরই আত্মীয়। এর দৈর্ঘ্য প্রায় ১০ ফুট পর্যন্ত হতে পারে এবং অতীতে ২৯৩ কেজি ওজনের একটি মেকং জায়ান্ট ক্যাটফিশ ধরার রেকর্ড রয়েছে।
দুর্ভাগ্যজনকভাবে, মানুষের তৈরি বাঁধ, আবাসস্থল ধ্বংস এবং অতিরিক্ত মাছ ধরার কারণে এই প্রজাতিটিও আজ মহাবিপন্ন। আইইউসিএন ইতোমধ্যেই মেকং জায়ান্ট ক্যাটফিশকে বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে থাকা প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
আরটিভি/এসকে