images

ফিচার

ভারতের আসামে দেখা মিলল বিরল প্রজাতির পেঁচার

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১০:০৯ এএম

ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলার মাগুড়ি মোটাপুং বিলে বিরল প্রজাতির ‘অস্ট্রেলিয়ান গ্রাস আউল’-এর দেখা মিলেছে। গত ১১ জুলাই দিল্লি থেকে আসা একদল পর্যটকের নজরে আসে নিশাচর এই পাখিটি। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় বন্যপ্রাণী বিশেষজ্ঞ, পাখিপ্রেমী ও আলোকচিত্রীদের আগ্রহ বেড়ে গেছে।

দেশটির বিশেষজ্ঞদের মতে, এই বিরল প্রজাতির পেঁচার উপস্থিতি আবারও প্রমাণ করেছে যে উত্তর-পূর্ব ভারত জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। সাধারণত ঘন তৃণভূমিতে বসবাসকারী এই পেঁচা লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করে। ফলে প্রকৃতিতে এদের দেখা পাওয়া অত্যন্ত বিরল। 

স্থানীয় পরিবেশবিদরা জানান, মাগুড়ি মোটাপুং বিলের মতো জলাভূমি ও তৃণভূমি এই প্রজাতির পাখির জন্য আদর্শ আবাসস্থল। তাই সেখানে এটির উপস্থিতিকে বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

মাগুড়ি মোটাপুং বর্তমানে ভারতের অন্যতম সমৃদ্ধ পাখিরালয় হিসেবে পরিচিত। প্রতিবছর দেশটির বিভিন্ন প্রান্ত থেকে পাখিপ্রেমী, বন্যপ্রাণী আলোকচিত্রী, গবেষক ও পর্যটকরা এখানে ভিড় জমান। বিস্তীর্ণ জলাভূমি, জলাশয় ও তৃণভূমি শত শত স্থানীয় ও পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত।

দেশটির বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করছেন, বিরল এই পেঁচার দেখা পাওয়া জলাভূমিটির পরিবেশগত গুরুত্বকে আরও স্পষ্ট করেছে। একই সঙ্গে প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষায় পরিবেশ দূষণ ও মানবসৃষ্ট হুমকি কমানোর প্রয়োজনীয়তার বিষয়টিও সামনে এসেছে।

আরও পড়ুন
HORNBILL

৬০ বছর পর ফিরে এল হারিয়ে যাওয়া ধূসর পাখি হর্নবিল

পরিবেশবিদদের আশা, এই বিরল প্রজাতির পাখির সন্ধান মাগুড়ি মোটাপুং বিলকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করে তুলবে। পাশাপাশি এলাকায় বন্যপ্রাণী সংরক্ষণ, গবেষণা এবং পরিবেশবান্ধব পর্যটনের সুযোগও আরও বিস্তৃত হবে।

আরটিভি/এসকে